চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ হাজার দুই 'শ পিস ইয়াবাসহ মো. আলহাজ উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) ভোর পৌনে ৪ টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মো. ইখতিয়ার হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী এন.আর ট্রাভেল বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আলহাজ উদ্দিন পাবনা জেলার ফরিদপুর থানার বনওয়ারী পৌরসভার ৫নং ওয়ার্ডের পারফরিদপুর এলাকার মো. বাকি বিল্লার ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"